July 9, 2026, 9:52 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুরের পাঁচ আসনে স্বস্তিতে নেই নৌকার প্রার্থীরা প্রচার-প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

Reporter Name
  • আপডেট Thursday, December 28, 2023
  • 114 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণায় গোটা নির্বাচনি এলাকা এখন সরগরম। প্রার্থীদের প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোস্টার ঝোলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে জোরেশোরে। সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় প্রার্থীরা তাদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশলবিনিময় করছেন। এ সময় তারা ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। প্রার্থীর সঙ্গে কর্মীরাও লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। গাজীপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি আসনে দুজন মন্ত্রীও প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন। তাদের প্রার্থিতার কারণে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তার ওপর গাজীপুর-১, গাজীপুর-২ এবং গাজীপুর-৫ স্বতন্ত্র তিন প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনি প্রচারণায় নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল। এ আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আওয়ামী লীগ প্রার্থী।
গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমানা আলী টুসী। এ আসনে বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এবার মনোনয়ন পাননি। তিনিও স্বতন্ত্র প্রার্থী।
গাজীপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ আসনেও সিমিন হোসেন রিমির প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগ্নে কৃষক লীগ নেতা শিল্পপতি আলম আহমেদ। তিনিও নির্বাচনি মাঠে রয়েছেন।
গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি মো. আখতারউজ্জামান। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আসনগুলোতে ওই তিন স্বতন্ত্র প্রার্থীর জন্য সরাসরি কাজ করছেন জাহাঙ্গীর আলম।
নৌকার প্রার্থীরা বলছেন, বিগত দিনে গাজীপুরে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। মানুষ অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থীরা নতুনদের সুযোগ দেওয়ার জন্য ভোটারদের সমীহ আদায়ের চেষ্টা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর