July 9, 2026, 9:53 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও আগুন থামছেই না

Reporter Name
  • আপডেট Thursday, December 28, 2023
  • 98 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, পোস্টার ছেঁড়া, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় বেশির ভাগ অভিযুক্ত আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। মঙ্গলবার রাত ও  বুধবার এ ধরনের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের নেতাকর্মীরা। এসব ঘটনায় হামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে।
জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার এ ঘটনায় উভয় প্রার্থীর ৯ কর্মী আহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, নৌকার প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী কর্মীদের নিয়ে পথসভা করছিলেন। এ সময় একই এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী তাঁর কর্মীদের সঙ্গে মিছিল নিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন। উস্কানিমূলক কথা বলার জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি মামলা করবে বলে জানিয়েছে।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সাবেক বিজিবি প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন আজাদের উঠান বৈঠকে নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমির মৃধা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় নৌকার প্রার্থী এস এম শাহাজাদার চাচাতো ভাই সুমন সরদারসহ সাতজনের নামে মামলা হয়েছে। হামলায় জড়িত অভিযোগে মোশারেফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরগুনা-২ আসনে (বামনা-বেতাগী ও পাথরঘাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী আবদুর রহমান খোকনের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পাথরঘাটা বাজারে সোনালি বোডিং নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে। এতে জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আবদুর রহমান জানান, নৌকার প্রার্থী সুলতানা নাদিরা লোকজন দিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান খান জানান, বিএনএম প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীর দুই কর্মীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) দুটি এবং নৌকার প্রার্থীর একটি প্রচার অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী দোহাপাড়ায় নৌকার নির্বাচন অফিস ভাঙচুর ও লুটপাট এবং বিনোদপুর ইউনিয়নের একবরপুর ও লচমানপুরে স্বতন্ত্র প্রার্থীর দুটি নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান জানান, এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। ক্যাম্পটির দায়িত্বে থাকা ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী শাহীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।
সোমবার রাতে মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলায় বাঁশের তৈরি নৌকা ভাঙচুরের অভিযোগ ওঠে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেনের পিএস শিপুর বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করে মকবুল হোসেন বলেন, নৌকার অফিস ভাঙচুর ও হামলার ঘটনা বানোয়াট।
নোয়াখালী-২ আসনে (সেনবাগ-সোনাইমুড়ী উপজেলার একাংশ) স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক তাঁর কর্মী-সমর্থক ও পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবি জানিয়েছেন। বুধবার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ ও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, এই আসনের নৌকার প্রার্থী এমপি মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টার ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় আমার ছোট ভাই আনিসুর রহমানসহ ১২ জনকে আসামি করে হয়রানি করা হচ্ছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থীর অনুসারীর বাড়িতে হামলার ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নোয়াখালীতে কোনো অবৈধ অস্ত্র নেই।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া দাপুনিয়া ইউনিয়নের মধ্যবাজারে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার দুই সমর্থককে মারধর করে বলে অভিযোগ উঠেছে। নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের রহিমের মোড় ও মধ্য বাড়েরা এবং ২৭ নম্বর ওয়ার্ডের আকুয়া মড়লবাড়ী ও পূর্ব নয়াপাড়ায় নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর আটজনের বিরুদ্ধে মামলা করেছেন দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালত ভবনের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– উপজেলার নলজোড়া গ্রামের রাজন ও শুভ হাসান। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, মঙ্গলবার নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমার আচরণবিধি লঙ্ঘনের শুনানি ও সাক্ষ্য চলছিল। এ সময় সিসিটিভি ক্যামেরায় আদালত প্রাঙ্গণে দুই যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিচারক। বিষয়টি পুলিশকে জানালে তাদের তল্লাশি করে ধারালো অস্ত্র ও লোহার ইটি পাইপ পাওয়া যায়। ওইদিনই তাদের বিরুদ্ধে মামলা হয়।
মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ টুলু। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মমতাজ বেগম।

গাজীপুর-৩ (শ্রীপুর-সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি মুহাম্মদ ইকবাল হোসেনের (ট্রাক) কর্মী-সমর্থকের বিরুদ্ধে নৌকার প্রার্থী রুমানা আলীর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ-২ আসনে নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক ইউপি সদস্য নাননু শেখকে মারধরের অভিযোগ উঠেছে।  সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নাননু শেখ হরিশংকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগে রোমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। রোমান স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রবের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভোরে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর