দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নারী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদী, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুরের পৃথক পৃথক স্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে নরসিংদীতেই মারা গেছেন পাঁচজন। এছাড়া পাবনায় দুইজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন, কুড়িগ্রামে দুইজন, সুনামগঞ্জে একজন, চাঁদপুরে একজন ও শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
নরসিংদী : নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার রায়পুরা, মনোহরদী, শিবপুর ও সদর উপজেলার পৃথক পৃথক স্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন্নাহার (৪৫), একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২), মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫), নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়া মহল্লার সুকুমার রায়ের ছেলে শুপ্তকর (১৪) ও শিবপুরের দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০)। এ ঘটনায় একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিমুল (১১), হোসেন মিয়ার ছেলে রিয়াজুল (১২) ও শাহ আলমের ছেলে হাসান (১১) আহত হয়।
পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্য়ু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বেতুয়ান গ্রামে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা শাকিল হোসেন (১৯) ও রমিজ উদ্দিন (৩০)। এ সময় বজ্রপাতে আরও অন্তত ১৩ জন আহত হন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনাতলা গ্রাম ও মানিকপুরে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয। মোজাম্মেল হক ওই গ্রামের মতি মিয়ার ছেলে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে মিত্র চাকমা জানান, দুপুরে উপজেলার মানিকপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মনু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাঠে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, উলিপুর শাহাজালাল (৪৫) অপরজন চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় অবরু শেখ (৫০)।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে নদীপথে ট্রলারে ধান পরিবহনের সময় বজ্রপাতে ওমর মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার ৪ নং জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের সীমের খাল (বরাইয়া) নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন, বাদে হরিপুর গ্রামের শাহীন, কালাচান ও আবুল কাশেম।
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে মো. হাছান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের পশ্চিম ছোটসুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাছান মিজি ওই গ্রামের গফুর মিজি বাড়ির মৃত মো. কলোমদ্দিন মিজির ছেলে।
শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বজ্রপাতে মো. মাঈনুদ্দিন মান্দ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কোদালপুর ইউনিয়নের রশিদ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাঈনুদ্দিন মান্দ ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তার মান্দের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।