নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট :: বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, সশস্ত্র বাহিনী মোতায়েনের পরই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব আমরা।
দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে। দেশের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনীর সব সদস্য সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমের গতি বেড়েছে। এজন্যই মোংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর ও সংলগ্ন ইপিজেড, এলপিজি জোন, পাওয়ার গ্রিডের মতো গুরুত্বপূর্ণ এ সব স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী কাজ করে যাচ্ছে। দেশের চলমান পরিস্থিতিতে মোংলা বন্দরসহ সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার দুপুরে বন্দর জেটিতে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন নৌবাহিনী প্রধান।
এ সময় নৌবাহিনীর খুলনাঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমানসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।