মো: জাফর আলী :: টঙ্গীর তুরাগ নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপরে এই কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে অংশ নেন টঙ্গী বাজার, উত্তরা এলাকার ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ জনগণ। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির ফলে ফ্লাইওভারের ওপর দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজারের ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারী উপস্থিত ছিলেন।
এ সময় জাবেদ আহমেদ সুমন বলেন, প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধারণের চলাচলও বিঘ্ন ঘটছে। তাই অতি দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছি।