স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে সাত শতাধিক এতিম শিশু-কিশোরদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এই বিশেষ খাবারের ব্যবস্থা করেন গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এর আগে শ্রীপুরের মাওনা চৌরাস্তার বায়তুল আমান জামে মসজিদে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, দলের সংকটকালীন সময়ে তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। এবং তিনিই এখন বিএনপির প্রাণ।