নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এ দেশের জনগণ, পেশাজীবী, রাজনীতিবিদ এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আরেকবার ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, রাজনীতিবিদদের পাঠাচ্ছেন, বিভিন্ন দেশের সঙ্গে লবিং করছেন। কোনো লবিংয়ে কাজ হবে না। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবেন না।’
তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সম্প্রতি ভারত যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে ভারতও সঙ্গে নাই।’ খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, তিনি অসুস্থ। ডাক্তার বলেছে বাংলাদেশের তার চিকিৎসা নাই। তারপরও তাকে সরকার বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সহতথ্য বিষয়ক সম্পাদক কাদের গণিত চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।