স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য মহাসড়কে সেনাবাহিনী, র্যাব, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ একযোগে কাজ করছে। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।
আজ বুধবার দুপুরে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের আয়োজনে চন্দ্রা এলাকায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে এবং মহাসড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি অপারেশন শফিকুল ইসলাম, ডিআইজি পূর্ব হইওয়ে হাবিবুর রহমান, ডিআইজি দক্ষিণ হাইওয়ে রকফার সুলতানা খানম, ডিআইজি ট্রেনিং সালমা বেগম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া, নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলমসহ অন্যান্যা কর্মকর্তা।