June 2, 2026, 11:57 am

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কোনো ডাম্পিং পয়েন্ট থাকবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Reporter Name
  • আপডেট Tuesday, March 10, 2026
  • 72 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আর কোনো ময়লার ডাম্পিং পয়েন্ট থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মহাসড়কের দুই পাশের ময়লা দ্রুত অপসারণ করা হবে এবং এলাকাটিকে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে।
সোমবার (৯ মার্চ) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লা-আবর্জনার স্তুপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে নির্বাচনী সভায় যোগ দিতে এই মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় রাস্তার পাশে ময়লার ডাম্পিং পয়েন্টটি লক্ষ্য করেন।
সরকার গঠনের পর আজ থেকে সাত দিন আগে তিনি আমাকে ডেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের লোকদের নিয়ে এই রাস্তাটি পরিদর্শন করে দ্রুত দুই পাশের ময়লা আবর্জনা অপসারণের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দুই পাশে মাটি ভরাট করে সেখানে নিম গাছসহ বিভিন্ন ফুল গাছ রোপণ করতেও বলেছেন।’
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আন্তঃবিভাগীয় বৈঠকের মাধ্যমে বিকল্প ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে মহাসড়কের পাশের এলাকা পরিষ্কার ও দৃষ্টিনন্দন রাখা যায়।
মীর শাহে আলম আরো বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো দীর্ঘদিন যাবত ব্যবস্থ্যতম এই মহাসড়কের দুই পাশে ময়লা স্তুপ করে রাখা হচ্ছিল, কিন্তু আমাদের কারো নজরে আসেনি।
অথচ আমাদের নেতা এত ব্যস্ততার মধ্যে এই রাস্তা দিয়ে একদিন গেলেন আর এ বিষয়টি তার নজরে এসেছে। আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সে কারণে আজ আমার এখানে আসা।’
তিনি বলেন, ‘রাজেন্দ্রপুরসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এমনিতেই সবুজে ঘেরা একটি সুন্দর এলাকা। সেখানে রাস্তার পাশে ময়লা-আবর্জনা থাকা অত্যন্ত দুঃখজনক। এখন থেকে এখানে কেউ আর ময়লা ফেলবেন না। খুব দ্রুত সময়ের মধ্যে চৌরাস্তা থেকে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত এবং পর্যায়ক্রমে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করে সৌন্দর্যবর্ধন করা হবে।’ পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসানসহ সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর