শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় লিফলেট বিতরণ ও মশা নিধনের ওষুধ প্রয়োগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা। এতে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহিবুল্লাহ মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর পৌর সাংগঠনিক থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সমাজকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ, ড্রেন ও পানি জমে থাকে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।”
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। এ জন্য সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।
শ্রীপুর পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, নাগরিকদের সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পৌর এলাকার উন্নয়নে পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতাকর্মীরা মাওনা চৌরাস্তায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশা নিধনের ওষুধ প্রয়োগ করেন। পাশাপাশি সাধারণ মানুষকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রাজনৈতিক সম্পাদক আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ডা. আজিজুল হক, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আউয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তাঁদের এ উদ্যোগ। জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।