স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ এদেশে জাতীয়তাবাদী ও ইসলামী চেতনা ধ্বংস করার জন্য ভারতের কাছ থেকে এজেন্ডা গ্রহণ করেছিলো। তাই তারা জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে নির্মূল করতে চেয়েছিলো। কাজেই বিএনপি ও জামায়াতসহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এই আওয়ামী অপশক্তির আর কখনই পুন:জন্ম হবে না। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে টঙ্গী প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সহসভাপতি মো. আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তানজিল, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সহসাধারণ সম্পাদক এমআর নাসির, জামায়াত নেতা নিয়ামত উল্লাহ ভূইয়া প্রমুখ। সভায় হাসান উদ্দিন সরকার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।