শারমিন খানম :: শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদক নির্মূলে করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: এমদাদুল ইসলাম মিঠুন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আবুবকর সিদ্দিক, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আলাউদ্দিন মিয়া, অধ্যক্ষ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ।
সেমিনারে মাদকের ভয়াবহতা, যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব এবং পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধীরে ধীরে অচল করে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা যদি সচেতন হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আবু বকর সিদ্দিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদককে ‘না’ বলার সাহসই পারে একটি সুন্দর জীবন গড়ে দিতে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের স্থান নয়, বরং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। তিনি শিক্ষার্থীদের মাদকমুক্ত জীবন গঠনে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান। সেমিনার শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।