নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর অন্যতম সেরা বিদ্যাপীঠ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: হারুন অর রশীদ। তিনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংক টঙ্গী শাখার হেড অফ ব্রাঞ্চ ম্যানেজার মো: রিয়াদ উদ্দিন, এনআরবিসি ব্যাংক কর্মকর্তা মো: তারেক, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র শিক্ষক মো: রাজু মাস্টার প্রমুখ।
এ সময় অধ্যক্ষ মো: হারুন অর রশীদ শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত, সুশৃঙ্খল ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মো: হারুন অর রশিদ ২০০০ সালে পাইলট স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন। তিনি ১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (এমবিএস) ও একই বিশ্ববিদ্যালয় থেকে ৮৭-৮৮ সেশনে বিবিএস ডিগ্রী অর্জন করেন। ১৯৮৬ সালে ভাওয়াল বদরে আলম কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে পাইলট স্কুল থেকে সাফল্যের সঙ্গে এসএসসি পাশ করেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে হত্যা মামলা এবং কলেজের সম্পত্তি ও তহবিলের অনিয়মসহ একাধিক অভিযোগ রয়েছে। আলাউদ্দিন মিয়া গ্রেফতার হওয়ার পর কলেজের শীর্ষ পদে শূন্যতা দেখা দেয়। এরপর কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব ড. শাহনাজ দিলরুবা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত রোববার হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন। গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। ১৯৪৭ সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়।