জয়নাল আবেদীন সরকার, টঙ্গী :: অবৈধ সরকারের পদত্যাগসহ একদফা দাবি ও অবৈধ তফশিল বাতিলের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম থানা বিএনপি। আজ শনিবার বিকালে মিছিলটি মিলগেট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কামারপাড়া সংযোগ সড়কে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভপতি হাজী জহিরুল ইসলাম, বিএনপি নেতা জামাল উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. হারুন, আব্দুর রহমান বাবু, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, আহ্বায়ক সদস্য আব্দুর রশিদ সোহেল, গাজী ইসমাইল হোসেন জনি, যুবদল নেতা সালাউদ্দিন, বিল্লাল হোসেন, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, মনির হোসেন পাঠান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রায়হান, নাইম প্রমুখ। এদিকে শ্রীপুরে ঘোষিত তফশিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত চলমান হরতাল, অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে৬টার সময় শ্রীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় থেকে ২নং সিঅ্যান্ডবি পর্যন্ত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটুসহ অন্যান্য নেতা।