May 18, 2026, 2:15 pm

টঙ্গীর জাভান হোটেলের স্টাফদের বিরুদ্ধে গ্রাহকদের মারধরের অভিযোগ!

Reporter Name
  • আপডেট Friday, August 29, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর বহুল সমালোচিত রেস্টুরেন্ট অ্যান্ড বার জাভান হোটেলের স্টাফদের বিরুদ্ধে খাবার খেতে যাওয়া লোকজনকে মারধর করে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- রিমন আহমেদ (৩৮), আজাদ (২৯), জাহিদ (৩২) ও সুব্রত (৩০)। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীরা সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। তারা যমুনা ফিউচার পার্কের ‘লিগ্যাল সলিউশন বিডি’ প্রতিষ্ঠানের কর্মকর্তা।
ভুক্তভোগী আজাদ মুঠোফোনে বলেন, সকালে নাস্তা খাওয়ার জন্য জাভান হোটেলে যাই। নাস্তা দিতে দেরি হওয়ায় আমরা অর্ডার বাতিল করে দেই। এতেই হোটেলের স্টাফরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ শুরু করে। আমরা প্রতিবাদ করতে গেলে হোটেলের পরিচালক সায়মনের হুকুমে হোটেলের সবাই মিলে লোহার রোড, লাঠি দিয়ে আমাদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। তাদের আঘাতে আমার ও সুব্রতর মাথা  ফেটে যায় এবং জাহিদের পা ভেঙ্গে দেয় আর রিমনের শরীরের মাংশ থেতলে দেয় ও বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। বর্তমানে সবার অবস্থা আশংকাজনক। সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছি। সুস্থ হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে জাভান হোটেলের পরিচালক সায়মন বলেন, ঘটনার সময় আমি হোটেলে ছিলাম না। হট্টগোলের বিষয়ে স্টাফদের কাছ থেকে জানতে পেরেছি। বহিরাগত দুইপক্ষের সংঘর্ষে তারা আহত হয়েছেন। আমার হোটেলের কোনো স্টাফ তাদের মারধর করেনি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনাটা জেনেছি। ভুক্তভোগীরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর