স্টাফ রিপোর্টার, গাজীপুর:: টঙ্গীতে ‘গ্লোবাল কিডস স্কুল’-এর উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) সকালে টঙ্গী রেল স্টেশন সংলগ্ন খোলা আকাশের নিচে স্কুল প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়। আলোচনা সভায় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুবিধাবঞ্চিত এই শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মো.মুনসুর আহমেদ, ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি
ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল খালেক, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা মো. শাহীন আহম্মেদ রিজভী, সাংবাদিক মো. আরিফ চৌধুরী, মো. নুরুজ্জামান শেখ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কোনো শিশুই যেন শ্রমের শৃঙ্খলে বন্দি না থাকে। সুবিধাবঞ্চিত পথশিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুশিক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব।” তারা গ্লোবাল কিডস স্কুলের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে আম, কাঁঠাল, লিচুসহ নানা জাতের রসালো মৌসুমী ফল বিতরণ করা হয়। ফল উৎসবে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।