সাথী আক্তার, টঙ্গী :: ‘শেখ হাসিনার রাজপথ, আমরা রাখিব নিরাপদ’-এই স্লোগানকে সামনে রেখে টঙ্গীতে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর হোন্ডা রোডে এ সমাবেশের আয়োজন করা হয়। শান্তি সমাবেশপূর্ব একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার, আশরাফ সেতু কমপ্লেক্স, বাটাগেট, আনারকলি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন-৫৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুকুল সরকার, আফিল উদ্দিন, সুরুজ মিয়া, ছাত্রলীগ নেতা শেখ মোহাম্মদ সাজিদ, সাব্বির হোসেন, হাজীর মাজারবস্তি ইউনিট যুবলীগ নেতা আমিনুল ইসলাম স্বপন, বিল্লাল হোসেন, আব্দুল মোমেন, শরিফ হোসেন, কেএম আরিফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই তাদের এ অপচেষ্টা। আমরা তাদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে নস্যাৎ করার জন্যই সাধারণ মানুষকে নিয়ে শান্তি সমাবেশে করেছি। দেশের শান্তি রক্ষায় আমরা সবাই একজোট হয়ে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।