July 7, 2026, 8:01 pm

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা, তাঁতীদল নেতাসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • আপডেট Tuesday, July 7, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় অভিযুক্ত টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন খোকন টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী নির্মোহন মন্ডল জানান, দাঁড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে তারা প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। উক্ত জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁতীদল নেতা খোকনের লোকজন বিভিন্নভাবে সংখ্যালঘু পরিবারটিকে চাপ ও হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মোহনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা গ্রেন্ডিং ও ড্রিল মেশিন দিয়ে বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারধর করে। এতে বাড়ির মালিক নির্মোহন মন্ডল (৪৬), তার স্ত্রী বৃষ্টি মন্ডল (৪০), ছেলে বিজয় মন্ডল (১৪), ভাতিজি চায়নাসহ (২২) ১০জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে তাঁতীদল নেতা খোকনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় খোকন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর