স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম এলাকার একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টায় টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আনোয়ারুল (৪০)। নিহত আনোয়ারুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে।
জানা যায়, টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হয় আনোয়ারুল। এ সময় কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, তামিশনা গ্রুপের কারখানার লিফটের তার ছিঁড়ে এক শ্রমিক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।