স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ফ্লাইওভারের নিচে রাস্তার পাশ থেকে মো: সোহেল রানা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল টঙ্গীর এরশাদনগর ২নং ব্লকের বাসিন্দা। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার সূর্যমনি গ্রামে। তার পিতার নাম মো: বাবুল হোসেন, মায়ের নাম আয়শা বেগম।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ জানান, স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ওই যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্ত লেগে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।