শারমিন আক্তার :: টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালকের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়। আজ সোমবার (২০ অক্টোবর) ১০টায় টঙ্গীর মৈত্রী শিল্পের গেটে এ মানববন্ধনে আয়োজন করেন শ্রমিক-কর্মচারীরা। মানববন্ধনে শ্রমিকরা নির্বাহী পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
তারা বলেন, মৈত্রী শিল্পে আমরা দীর্ঘদিন যাবত সম্মানের সাথে চাকরি করে আসছি। বর্তমানে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান যোগদানের পর থেকে যাকে তাকে শোকজ, দুর্ব্যবহার, মানসিক নির্যাতন, নারী কর্মচারী ও শ্রমিকদের কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার অত্যাচারে অতিষ্ট শ্রমিক-কর্মচারীরা। তাকে অনতিবিলম্বে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। তাকে অপসারণ না করা পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও মানববন্ধন কর্মসূচি পালন করবো। লম্পট ও নারী লোভী নির্বাহী পরিচালককে অপসারণ করা না হলে আমরা কাজে যোগদান করব না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মৈত্রী শিল্পের কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ অশিউর রহমান, রিয়াজ উদ্দিন, আসাদুল হক, কাইয়ুম হোসেন খান, কামরুন নাহার শান্তা, ফারজানা আক্তার দীপ্তি, তানজিলা চৌধুরী, রোমানা আলম প্রমুখ।