স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মামলার বাদিকে হত্যার হুমকি দিয়েছে মানিক মিয়া (৪৪) নামের এক ব্যক্তি। এ ঘটনায় বুধবার মনির হোসেন টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর আগে গত বুধবার থানায় স্বর্ণালংকার লুটের অভিযোগ এনে মামলা দায়ের করেন মনির হোসেন। এরপর অভিযুক্ত টঙ্গীর হিমারদীঘি এলাকার মোতালেব মিয়ার ছেলে মজিবুর রহমান মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, টঙ্গীর জহির মার্কেট এলাকায় ‘ভাই ভাই জুয়েলার্স’ নামক একটি স্বর্ণের দোকান পরিচালনা করে আসছেন মনির হোসেন। গত পহেলা আগষ্ট স্বর্ণের দোকানটি ছেড়ে দেয় মনির। এ সময় পার্শ্ববর্তী দোকানি জহির মিয়ার দোকানে একটি লোহার সিন্দুকে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ লক্ষ টাকা ও কয়েক লাখ টাকার মুক্তা পাথর রাখেন। পরদিন ওই এলাকার মজিবর রহমান মুন্না সিন্দুকটি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়। সালিশে সিন্ধুক ফেরত দেয়ার কথা থাকলেও ফেরত না পেয়ে গত বুধবার টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এতে মজিবুর রহমান মুন্নাকে আসামী করা হয়। মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মজিবুর রহমান মুন্নাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এরপরই মামলা তুলে নিতে মুন্নার বড় ভাই মানিক মিয়া নানাভাবে মনির হোসেনকে হত্যার হুমকি দিয়ে আসছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মনির হোসেন থানায় একটি জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।