শেখ কামরুল হাসান শাহা, বিশেষ প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) পাগার সোসাইটি মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মিলন, মনোয়ার, জাফর, নুর নবী হায়দার ও পথচারী রফিক।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ উইন্ডি গ্রুপের প্রতিষ্ঠান উইন্ডি অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠাকালীন থেকেই ঝুট ব্যবসা করতেন। ওই কারখানার ঝুট মাল ডেলিভারিকে কেন্দ্র করে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের অনুসারীদের সঙ্গে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মণ্ডলের অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হন। এ সময় এক রাউন্ড গুলি ও তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জনি গ্রুপের জনি কিবরিয়া বলেন, বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার ব্যবসায়িক বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলেন। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা গাজী মোশারফ হোসেনকে কারখানার যাবতীয় বর্জিত মালামালের দায়িত্ব দেওয়া হয়। এব্যাপারে বিএনপি নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি।