মোঃ আক্তার হোসেন ডালি:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড বড় দেওড়া হাজীবাড়ি এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ঢাকা ইম্পিরিয়াল আই কেয়ার হসপিটাল লিমিটেডের উদ্যোগে এই ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ চিকিৎসা সেবার কার্যক্রম উদ্বোধন করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয়বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক পীরজাদা মো: নোয়াব আলী।
উদ্বোধন শেষে পীরজাদা মো: নোয়াব আলী বলেন, চোখের চিকিৎসা মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
ক্যাম্পে বিভিন্ন বয়সের শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, দৃষ্টি পরিমাপ, ছানি শনাক্তকরণ ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছানি রোগী শনাক্ত করে পরবর্তী অস্ত্রোপচারের জন্য তালিকা প্রস্তুত করেন।
স্থানীয় বাসিন্দারা এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় টঙ্গী রিপোর্টার্স ক্লাব ও ঢাকা ইম্পিরিয়াল আই কেয়ার হসপিটালকে ধন্যবাদ জানান। তাদের মতে, এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম বাড়লে সাধারণ মানুষ উপকৃত হবে এবং নানা চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বাড়বে। সুশৃঙ্খল পরিবেশে ক্যাম্প পরিচালনা হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।