স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৬ ছিনতাইকারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ছিনতাই প্রতিরোধে সাড়াশি অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে ৪ জনকে গ্রেপ্তার হয়েছে।
এদিকে ডাকাতি, চুরি, ছিনতাই ও ধর্ষণসহ সংঘটিত সকল অপরাধের বিচার চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি দেয়।