স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের টঙ্গীতে চার দিনব্যাপী ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার টঙ্গী আর্চারি ট্রেনিং একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াবান্ধব ব্যক্তি এবং আর্চারির প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। আগামী দিনে আর্চারির হাত ধরেই বাংলাদেশ বিশ্বমঞ্চে বড় গৌরব অর্জন করবে এবং দেশের সুনাম বয়ে আনবে।
প্রতিমন্ত্রী বলেন, টঙ্গী আর্চারি ট্রেনিং একাডেমির পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত সমস্যার বিষয়ে স্থানীয় প্রশাসন, এলাকার সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপ্পল, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. জিয়াউর আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে শুরু হওয়া চারদিনব্যাপী আগামী ২ আগস্ট শেষ হবে। খেলায় বিশ্বের ২৬টি দেশের ১১৪ জন বিদেশি আর্চার, বিদেশি কোচ, এবং বাংলাদেশ জাতীয় আর্চারি দলের খেলোয়াড় ও কোচরা অংশগ্রহণ করছেন। এ আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর আর্চারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশে আর্চারি খেলার আন্তর্জাতিক পরিসরে অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।