স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর শিল্প এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও চাঁদাদাবীর অভিযোগে দায়েরকৃত মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ শুক্রবার (৩ জুন) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্নে এলাকায় অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, টঙ্গীর ব্যংকের মাঠ বস্তির মৃত কালু মিয়ার ছেলে আব্দুল কাদের (৪০), মরকুন পশ্চিম পাড়া এলাকার ফজল মিয়ার ছেলে আকাশ (২৬) ও একই এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আব্দুর রহমান উরফে রুবেল (৩৬)।
পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গী বিসিক এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সরেজমিন তদন্তের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের সহয়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও ১১জনকে গ্রেপ্তার করা হয়। চলমান অভিযানে শুক্রবার দুপুর পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।