স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর থেকেই সাবেক এ বিএনপি নেতা পলাতক ছিলেন। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য। পুলিশ জানায়, আজ দুপুরে জিয়াউল হক স্বপন টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রিসোর্টে অবস্থান করছিলেন । এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তিনি নিজেকে পেশায় একজন আইনজীবী বলে পরিচয় দেয়। কিন্তু তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও বিএনপি নেতাকর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে মোটা অঙ্কের টাকা হাদিয়ে নেয়। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় হত্যার চেষ্টা মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন,অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে । আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।