স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা একটি গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল রবিবার সকাল থেকে টঙ্গীতে অবস্থিত কলকারখানা অধিদপ্তরের সামনে শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।
গত ৭ জুন থেকে গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত ছয় শতাধিক শ্রমিকের কর্মস্থল ফ্যামকম ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার পর থেকে এখনও কারখানাটি বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানান, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তপক্ষ। ঈদের ছুটি কাটিয়ে এসে দেখেন কারখানাটি বন্ধ রয়েছে। তাই তারা বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, গত এক বছরে বিভিন্ন সময়ে কিছু শ্রমিক অযৌক্তিক দাবিকে কেন্দ্র করে কারখানার ভেতর অরাজকতা, বিশৃঙ্খলা ও কর্মবিরতির ঘটনা ঘটিয়েছেন। এরই ধারাবাহিকতায় ঈদের ছুটির পর কারখানা খোলার প্রথম দিন শ্রমিকরা সংঘবদ্ধভাবে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। তাদের দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কারখানার ভেতর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। এতে জানমাল, সম্পদ ও উৎপাদন কার্যক্রমের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারখানা খোলা রাখা নিরাপদ নয় বলে তারা কারখানা বন্ধ রেখেছেন।
এ বিষয়ে ফ্যামকম ফ্যাশন লিমিটেডের পরিচালক নাজমুল ইসলাম বলেন, কারখানা খোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিল্প পুলিশ, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ ও বিকেএমইএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে।