নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে পেট্রোল ও দাহ্য পদার্থসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ডিবির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. ইলিয়াছ মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)। আজ শুক্রবার ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।