November 20, 2026, 12:10 pm

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া একটি কুমির গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর

Reporter Name
  • আপডেট Friday, November 20, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার হওয়া প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমির উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় তিন দিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। স্থানীয় উপজেলা পরিষদ ও বাসিন্দারা উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। পরে কুমিরটির সংরক্ষণ ও পরিচর্যার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।
মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানির কুমিরের তুলনায় এরা আকারে ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর হয়। এরা মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী শিকার করে। স্বভাবত লাজুক হওয়ায় বিরক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বাসসকে বলেন, রাত ১০টার দিকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে আলাদা একটি বেষ্টনীতে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর