November 20, 2026, 5:34 pm

গাজীপুরে ৩০টাকা কেজি চাল পাচ্ছেন পোশাক শ্রমিকরা

Reporter Name
  • আপডেট Friday, November 20, 2026
  • 0 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের পোশাক শ্রমিকদের মাঝে ৩০টাকা কেজি চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। আজ শুক্রবার স্প্যারো অ্যাপারেলসের ৫০০ শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়, যার মূল্য ৩০০ টাকা। খাদ্য অধিদপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে আরও পোশাক কারখানাকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। এমন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের খাদ্যনিরাপত্তা ও আর্থিক চাপ কিছুটা কমাতে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। একজন শ্রমিক ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন। সরকারের এ উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে শ্রমিকদের মধ্যে।
শুক্রবার (২০ নভেম্বর) গাজীপুর মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ কর্মসূচির আওতায় ৫০০ শ্রমিকের মধ্যে চাল বিতরণ করা হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রমিকরা ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল কেনেন।
সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধির দাবিসহ বিভিন্ন ইস্যুতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের চাপে থাকা শ্রমিকদের জন্য সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, স্বল্পমূল্যে চাল পেয়ে সাধারণ শ্রমিকরা বেশ খুশি। তবে শুধু চাল নয়, চালের পাশাপাশি তেল, ডাল, লবণ ও আটার মতো অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে সরবরাহ করা প্রয়োজন। এতে শ্রমিকদের সংসার পরিচালনার চাপ অনেকটা কমবে।
অন্যদিকে শ্রমিকরা জানান, বাজারে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়ছে। সীমিত আয়ের মধ্যে সংসারের খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। ৩০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ তাদের জন্য কিছুটা স্বস্তির। তবে এ সুবিধা গাজীপুরের সব পোশাক কারখানার শ্রমিকদের জন্য চালু করার দাবি জানান তারা।
খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক মোঃ জহিরুল ইসলাম খান বলেন, শুধু গাজীপুর নয়, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় মোট ৭২টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে আরও বেশি পোশাক কারখানাকে এ বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় আনা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এ ধরনের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ কর্মসূচি সম্প্রসারণ করা হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ মোকাবিলায় তারা কিছুটা স্বস্তি পাবেন। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর