স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এছাড়াও রেললাইনের পাশে একটি ঝিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালী পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৩৭ বছর। পরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অপরদিকে বিকাল সাড়ে ৩টার দিকে শিলমুন আকিজ বেকারির পেছনে রেললাইনসংলগ্ন একটি ঝিল থেকে ভাসমান অবস্থায় সুজন সরকার (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ব্রাহ্মণখালী গ্রামের মৃত হরিদাসের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী বাজার মিতালী ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান করছিলেন। একপর্যায়ে তারা একটি বাসে উঠে যাত্রীদের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন। বিষয়টি দেখে ফেলেন স্থানীয় লোকজন। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে ধরে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে মাথার চুল কেটে দেন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন জানান, মূলত ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওই দুই যুবককে গণপিটুনি দেন। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।