গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকার সবকারখানাগুলোতে পুরোদমে কাজ চলছে। আজ সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।
জানা যায়, মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় প্রায় দুই শতাধিক শিল্প কারখানায় সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়। প্রতিটি কারখানার সামনে নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছেন।
কলকারখানা পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে জেলায় নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। এর মধ্যে টঙ্গী এলাকায় দুই শতাধিক কারখানা রয়েছে।
গতকয়েকদিন যাবত মহানগরীর বিভিন্ন এলাকায় বেশ কিছু কারখানায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। এ ঘটনায় শিল্প-নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছিল।
এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম বলেন, শ্রমিকরা সতস্ফুর্ত ভাবে যার যার কর্মস্থলে ফিরেছেন। এতে উৎপাদন কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এখন শিল্প অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
গাজীপুরের মহানগরীর পূবাইলের এপিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা বলেন, বেশকিছুদিন যাবত শ্রমিকরা আন্দোলন করে আসছিল। তখন কারখানা বন্ধ ছিল। আজ থেকে কারখানা খোলা। আমাদের অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক সংকট চরমে। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যাংক থেকে ঋণ পাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক লোন দেয়নি।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, মহানগরীর টঙ্গীর প্রায় ৯৫ ভাগ শিল্পকলকারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কোথাও শ্রমিক আন্দোলন খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।