মো: জাফর আলী :: টঙ্গী বাজার বিআরটি ফ্লাইওভারে এক নারীর গলার চেইন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (১৩ জুলাই) রাতে টঙ্গী বাজার এলাকার বিআরটি ফ্লাইওভার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী রবিন (২৫) নাটোর জেলার চানপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি রাজধানীর উত্তরার আবাসিক এলাকায় থেকে বিআরটি ফ্লাইওভারে নিয়মিত ছিনতাই করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী-গাজীপুর বিআরটি ফ্লাইওভারের বাটা গেটের সামনে ছিনতাইকারী এক নারীর গলার চেইন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালাতে থাকে। এসময় ঢাকার দিক থেকে আসা এক গাড়িচালক ঘটনাটি দেখে ছিনতাইকারীকে গাড়িচাপা দেয়। এতে ছিনতাইকারী রোড ডিভাইডারে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ৯৯৯-এ খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী রবিনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আসামিকে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আহত ছিনতাইকারীকে চিকিৎসা দেওয়ার পর আটক করা হয়েছে।
উল্লেখ্য, একই এলাকায় চলতি বছর ৯ জুলাই রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়। এর আগে টঙ্গীর এই ফ্লাইওভারটিতে ছিনতাইকারীদের আক্রমণ ও ছুরিকাঘাতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ছিনতাই বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থানা ঘেরাওসহ মানববন্ধনও করেছেন স্থানীয় বাসিন্দারা।