জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুলাই সনদের বিরোধীতাকারীদের সঙ্গে জোট করবে না এনসিপি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম হলরুমে অনুষ্ঠিত এনসিপির তিন পার্বত্য জেলার ( রাঙামাটি,খাগড়াছড়ি, বান্দরবান) সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এনসিপি জোটে বিশ্বাসী নয়, আমরা নির্বাচনে সিট পুনর্বণ্টনে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। আমরা খেলতে আসিনি আমরা পুরো খেলার নিয়ম পরিবর্তন করতে এসেছি। গুন্ডা ও পেশি শক্তি ছাড়া আমরা যদি পাঁচশো ভোটও পাই সেটাই আমাদের জন্য অনেক বড় পাওনা।
তিনি আরও বলেন, গুলি খেতে না চাইলে এবং অনিয়ম ঘুষ দুর্নীতি থেকে বাঁচতে চাইলে এনসিপিতে চলে আসুন আমরা আপনাদেরকে সন্মান দেবো। যারা বিগত বছরগুলোতে অন্যায় নির্যাতন জুলুমের স্বীকার হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
এনসিপির এ নেতা বলেন, গণভোট দিতে হবে, চুপ্পুর হাত থেকে কোনো জুলাইয়ের সনদ আমরা নেবো না। চুপ্পুর হাত থেকে জুলাই সনদ নেয়া তার চেয়ে বিষ খাওয়া ভালো। পরবর্তী বাংলাদেশে কোন ডিবি হারুন, বেনজিরের জন্ম হোক আমরা চাই না। আমরা এসব মাফিয়াতন্ত্র এদেশের মাটিতে তৈরি হতে দেবো না।
এনসিপি রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্ববধায়ক ইমন ছৈয়দ, শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা,বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল, খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা।