স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর এলাকায় জুলাই আন্দোলনে শহিদ কিশোরী নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। গতকাল শুক্রবার দুপুর ৩টায় পরিদর্শনে আসেন। এসময় শহিদ মারওয়ার পরিবারের সাথে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন। পরে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেন। পরে শহীদ কিশোরী নাফিসা হোসেন মারওয়ার কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহিদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নাফিসা হোসেন মারওয়া (১৭) গত ৫ আগস্ট ২০২৪ খ্রি. সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।