নিজস্ব প্রতিবেদক :: জামালপুরের মেলান্দহে আইনজীবী নাসরিন সুলতানা শিখা (সদস্য ঢাকা বার কাউন্সিল) ও তার মায়ের ওপর নির্মম বর্বরতা, হামলা ও হত্যাচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের ফুলতলা সরুলিয়া এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল গফুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি দুপুরে জমি নিয়ে বিরোধে আওয়ামী সন্ত্রাসী ওয়াজকুরুনি, মাইনুদ্দিন খাজা গংরা ঢাকা জর্জ কোর্টের আইনজীবী নাসরিন সুলতানা শিখা ও তার মায়ের ওপর হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আহত হয়ে তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অপরাধীদের কঠিন শাস্তি চাই।
আহত আইনজীবীর ছোট ভাই সামিউল হক সাব্বির বলেন, ‘আমার প্রতিবন্ধী বোন ও মা বাড়িতে থাকে। আমরা তিন ভাইবোন ঢাকায় থাকি। আমার আইনজীবী বোন বাড়িতে বেড়াতে আসে। এ সুযোগে গত ১৯ জানুয়ারি তাদেরকে পেয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায় মাইনুদ্দিন খাজা গং। থানায় মামলা করার পর আসামিরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা পরিবার লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আসামিদের বিচার চাই।’ এদিকে ওই ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হন মাইনুদ্দিন খাজা। পরে জামিনে মুক্ত হন তিনি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটা মামলা দায়ের হয়েছিল। এমনকি একজন গ্রেপ্তারও হয়েছিল। পাঁচজন আত্মসমর্পণ করে জামিনে বের হয়ে আসে। হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।