দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: জামালপুরের মতো জেলা প্রশাসকদের (ডিসি) দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ডিসি বলেছেন- আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই খবর সব পেপারে দেখলাম। এদের দিয়ে ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) নির্বাচন হবে না। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দেশের ২৮ বিশিষ্টজনের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, জামালপুরের মতো ডিসিদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারেন। একই ডিসিদের দিয়ে রিটার্নিং করাতে হবে বিষয়টি এমন নয়।কোনো দলের কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরাবেন।
তিনি আরো বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করতে হবে। সম্প্রতি ঢাকায় এক প্রার্থীকে (হিরো আলম) মারা হয়েছে।এটা কিভাবে হলো। রাজনৈতিক দলের লোকজন ভোটকেন্দ্র পাহারা দেয়। তাদের শনাক্ত করে পদক্ষেপ নিতে হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।তিনি বলেন, ‘আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
তিনি বলেন, ‘এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটাই হোক আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’
সোমবার বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের বক্তব্য বেশ সমালোচিত হচ্ছে।