July 9, 2026, 5:05 am

জনগণ তৈরি, নির্বাচন ঠেকানো অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Wednesday, October 8, 2025
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেকোনো নির্বাচনে জনগণই সবচেয়ে বড় ভূমিকা রাখে। তারাই মূল ফ্যাক্টর। আমাদের দেশের জনগণ এখন অনেক সচেতন। ইতোমধ্যে পাড়া-মহল্লা ও চায়ের দোকানে নির্বাচনের আলোচনা শুরু হয়েছে, সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে পড়ে, তখন কাউকেই তা আটকানো যায় না। আজ বুধবার (৮ অক্টেবর) বিকেলে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে রাজস্ব খাতে ক্রয়কৃত ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ ডিএমপি’কে হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ধাপে ধাপে তাদের প্রশিক্ষণও চলছে। আমাদের লক্ষ্য, নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অপরাধের হার ও পুলিশের ওপর হামলার ঘটনা কমে এসেছে জানিয়ে উপদেষ্টা বলেন, “সবকিছুর মূল হচ্ছে জনগণ। তারা ধীরে ধীরে আরও সচেতন হচ্ছে। জনগণ যখন বুঝবে কোনো অপরাধ সমাজের ক্ষতি করছে, তখন তারাই প্রতিরোধে এগিয়ে আসবে।”
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের যানবাহনের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও তৎপরবর্তী বিভিন্ন ঘটনায় পুলিশের ৫২৬টি সরকারি যানবাহন ভস্মীভূত বা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এর মধ্যে ২৪১টি ডাবল কেবিন পিকআপ, ২১৭টি মোটরসাইকেল ও ৬৮টি অন্যান্য যানবাহন ছিল।
তিনি জানান, নাগরিক সেবার মানোন্নয়নে পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ, ১৫২টি মোটরসাইকেল ও ৬৬টি অন্যান্য যানবাহনসহ মোট ৪১৮টি নতুন যানবাহন ক্রয় করা হয়েছে। এর মধ্যে ২০০টি ডাবল কেবিন পিকআপ প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।
উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন এসব যানবাহন ও সরঞ্জামের মাধ্যমে পুলিশ আরও দ্রুত ও কার্যকর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।” ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ডিএমপি’র অতিরিক্ত কমিশনাররা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা হস্তান্তরকৃত গাড়িগুলো পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর