রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি সরকার তাদের শাসনামলে রেলের ১০ হাজার কর্মী বিতাড়িত করে রেলকে পরিত্যক্ত করেছিল। প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থার সৃষ্টি করেছিল। শেখ হাসিনার সরকার সেই রেলকে পুনর্জন্ম দিয়েছে। নতুন নতুন রুট ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রেলকে কার্যকর প্রমাণ করেছে।দ্রুত রেলের উন্নয়ন হচ্ছে। আজ বৃহস্পতিবার (০৮ জুন) চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আম পরিবহনের জন্য রেলের বিশেষ সেবা ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু দিয়ে এ বছরের সেপ্টেম্বরেই ট্রেন চলবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর ওপর নতুন রেলসেতুর কাজ চলছে। আগামী বছর পঞ্চগড়-যশোর রেলরুট চালু হবে।মোংলা বন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ এ বছরই শেষ হবে। ট্রেন শুধু দেশের ভেতরেই নয়, এখন প্রতিবেশী দেশেও যাত্রী ও পণ্য পরিবহন করে। বাংলাদেশ-ভারতের মধ্যে রেলপথের পাঁচটি স্থানে সংযোগ রয়েছে। এ বছর আখাউড়া-আগরতলা নতুন সংযোগ চালু হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত রেলের খোঁজ রাখেন।তিনি এ অঞ্চলের আম সাশ্রয়ী খরচে পরিবহনের জন্য এই ট্রেন উদ্বোধন করতে আমাকে পাঠিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। এই ট্রেনের মাধ্যমে মানুষ উপকৃত হবে এটাই সবার প্রত্যাশা।
মন্ত্রী বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন, তারা আবার ষড়যন্ত্রে মেতেছে। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলার মাটিতে যেন তারা আবার মাথাচাঁড়া দিতে না পারে। বাংলাদেশ রেলওয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার।