স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে ব্যাংকটির মাওনা শাখায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের অঞ্চল ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) মো. আব্দুর রাজ্জাক।
গ্রামীণ ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রেহানা পারভীন জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ৭ থেকে ৮ জনের দুর্বৃত্তদল ব্যাংকটির প্রধান ফটকের তালা খোলার চেষ্টা করে। একপর্যায়ে তারা তালা ভাংতে না পেরে পর পর দুটি পেট্রল বোমা ছোড়ে মারে। এতে ব্যাংকের সীমানাপ্রাচীরের ভেতরে এবং আরেকটি বাইরে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত পেট্রল বোমায় সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেলেও অন্যকিছু ক্ষতি হয়নি। তবে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছে আলামত উদ্ধারসহ তদন্ত শুরু করেছে। অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।