July 5, 2026, 11:38 am

গার্মেন্ট খাত আরও শক্তিশালী হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, June 22, 2023
  • 227 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দেশে ও বিদেশে আন্তর্জাতিক প্রদর্শনী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও শক্তিশালী ও প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠছে।আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইনটেক্স সাউথ এশিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার কার্যকর নীতিমালা প্রণয়ন, পণ্যের বহুমুখীকরণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং এ খাতের স্টেকহোল্ডারদের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব সৃষ্টির মাধ্যমে বস্ত্র খাতের উন্নয়নে কাজ করছে। পাশাপাশি টেকসই ও যুগোপযোগী বস্ত্র খাত তৈরি করতে নানামুখী নীতিমালা-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র খাতে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনার কারণে এ খাত জাতীয় রফতানির ধারাকে করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাবমুক্ত রাখতে সক্ষম হয়েছে। 

বর্তমান সরকার পোশাক খাতে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন করে বেসরকারি খাতকে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করছে জানিয়ে মন্ত্রী বলেন, এ খাতের ব্যবসাকে সহজতর করার জন্য নীতি সহায়তা প্রদান, অবকাঠামো সুবিধা বৃদ্ধিসহ সব ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে সরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পোর্টের সুবিধা বাড়ানো, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করা, বন্দরসমূহের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়াও দ্রুত ও পরিকল্পিত শিল্পায়ন ও উন্নয়নের জন্য অর্থনৈতিক অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের সাশ্রয়ী বিশাল শ্রমশক্তি, উন্নত প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ-জ্বালানি এবং দক্ষ মানবসম্পদের সমন্বয়ে তৈরি পোশাক খাত বিশ্বে প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে পারবে। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ বস্ত্র খাতের সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর