May 15, 2026, 9:02 am

গান-কবিতায় ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Friday, July 26, 2024
  • 93 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গান-কবিতায় এ ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ জানান সংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী, সামাজিক কর্মী, সাংবাদিকসহ অনেকে। এদিন সকাল সাড়ে ১১টায় প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে গান গাইতে গাইতে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় তাদের মুখে ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা…’, ‘রক্তের প্রতিশোধ রক্তেই নিতে হয়…’, ‘কারার ওই লৌহ কপাট…’,গান শোনা যায়। এরপর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন সমাবেশে অংশগ্রহণকারী সাংস্কৃতিককর্মীরা।
সমাবেশে গান-কবিতার পাশাপাশি বক্তারা বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা অহিংস আন্দোলন করছিল। এই আন্দোল নিয়ে সরকার প্রধান কটুক্তি করে উস্কে দেন। আন্দোলন দমানোর জন্য তিনি নিরীহ ছাত্রজনতার বুকে গুলি করেন। এ হত্যার বিচার আমরা চাই। এই হত্যাকাণ্ডের বিচার সরকারকেই নিতে হবে। যতদিন আমরা এ হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততদিন তাদের আত্মা শান্তি পাবে না। তাদের মা, বাবা, পরিবার শান্তি পাবে না।
তারা আরো বলেন, আন্দোলনকারীরা শরীরে বুলেট নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে। আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা দেওয়া হয়নি। এই চিকিৎসা ব্যবস্থার ওপর ধিক্কার জানাই। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা গ্রেফতার হয়েছেন তাদের হিসাব দিতে হবে।
তারা আরো বলেন, আজকে আমাদের দেশটি শোষকদের জাতে চলে গেছে। এই লুটপাটকারীদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। নইলে আমরা এ দেশে আর অধিকার নিয়ে বাঁচতে পারবো না।
এ সময় আরো বক্তৃতা করেন, সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা, পরিবেশকর্মী ড. রিজওয়ানা হাসানসহ অসংখ্য সাংস্কৃতিককর্মী। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে তারা গানের মিছিল নিয়ে পল্টন মোড় অভিমুখে যাত্রা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর