স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকায় তাঁর বাসভবনের সামনে সমবেত বিপুল সংখ্যক নেতাকর্মীর মধ্যে ওই ঘোষণা দেন তিনি। এর আগে রবিবার রাতে ও সোমবার সন্ধ্যায় দুই দফা সেখানে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় উপস্থিত নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। দুইটি মতবিনিময়সভা থেকেই নেতাকর্মীরা তাঁকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য জোর দাবি জানান।
দ্বিতীয় মতবিনিময়সভা শেষে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা দিতে গিয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দলের কেউ প্রার্থী হলে তাঁকে সমস্যার সৃষ্টি হয় এমন কিছুই করা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশই হচ্ছে সবচেয়ে বড়। তাঁর বদৌলতে এ নির্বাচনী এলাকায় (গাজীপুর-৩) অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আমরা তাঁর নির্দেশকেই মাথায় নিয়ে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি।’
এই নির্বাচন নৌকার বিরুদ্ধে নয় দাবি করে তিনি বলেন, ‘এই নির্বাচন নৌকার বিরুদ্ধে নয়। এই নির্বাচন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে।
মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। বর্তমানে তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগের মেয়াদেও একই পদে দায়িত্ব পালন করেন। এবার নৌকার মনোনয়ন পাননি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী টুসি।