স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমরা কারো প্রচার প্রচারনায় কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না। কিন্তু একটি মহল স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে বাধা প্রদান করছে। আমাদের মাইক ছিনিয়ে নিয়ে যাচ্ছে এমনকি নেতাকর্মীদের গায়ে হাতও দেয়া হচ্ছে। আমাদের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলে টঙ্গী তথা গাজীপুর-২ আসন এলাকা মাদক, চাঁদাবাজ, পেশিশক্তিমুক্ত করা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর যাবত ক্ষমতায় থেকে এলাকার কোনো উন্নয়ন করতে পারেনই নাই বরং এলাকার জনসাধারণ ও নেতাকর্মীদেরকে হামলা-মামলা দিয়ে হয়রানিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন।
তিনি আরও বলেন, ২১ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী রাসেলের পালিত সন্ত্রাসীরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে কলেজ মাঠের গেটে তালা মেরে দেয়। চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে।
জাহাঙ্গীর আলম সকল অভিযোগ মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগগুলো প্রশাসন মিডিয়ার মাধ্যমে জানবে। আমরা সরাসরি কোন অভিযোগ দিব না।
গতকাল রোববার দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল মাঠে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি গাজীপুর-২ আসনে এমপি নির্বাচিত হলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে টঙ্গীবাসীকে জিম্মিদশা থেকে মুক্ত করা হবে।
সম্মেলনে আলিম উদ্দিন বুদ্দিন নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে বলেন, ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোন উন্নয়ন হয়নি। মানুষকে জিম্মি করে চাচা ভাতিজা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমি নির্বাচিত হলে ৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি ঠিক সেভাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করব।
সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র রাখি সরকার, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী, পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম এম হেলাল উদ্দিন, পুর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম এম নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, সাবেক কমিশনার নজরুল ইসলাম, গাজী সহিদ, সরকার জাহিদুল ইসলাম টিপু, পীরজাদা নোয়াব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।