October 11, 2026, 2:35 am

গাজীপুর সিটির সচিবের বিরুদ্ধে ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, December 12, 2024
  • 105 জন দেখেছে

গাজীপুরে মসজিদের মাইকে আজান দেওয়ায় শব্দ দূষণের অভিযোগ তুলে মসজিদের ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের এক সচিব ও তার স্বামীর বিরুদ্ধে। বুধবার বিকালে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এ ঘটনায় ওই এলাকায় সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে শুক্রবার বাদজুমা সচিবের বাসভবনমুখী বিক্ষোভ মিছিল করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গাজীপুর সিটি করপোরেশনের সচিব শামীম আরা রিনি ও তার স্বামী মো. এমদাদ হোসেন গত ৪ ডিসেম্বর সকালে মোবাইল ফোনে নগরীর পূর্ব লক্ষ্মীপুরা কলাবাগান রোডে বাইতুল জান্নাত জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ রাকিব উদ্দিনকে ফজরের আজান দেওয়াকে শব্দ দূষণ বলে এবং উনার বাসার দিকের মাইকটা ঘুরিয়ে দিতে অথবা মাইক নামিয়ে ফেলতে বলেন। মসজিদের মাইকে ফোরকানিয়া মাদ্রাসায় বাচ্চাদের আসার ঘোষণাও দিতে পারবে না বলে জানান। মাইক না নামালে মুয়াজ্জিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাকে পাবে তাকেই ধরে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিটি কররপোরেশনের সচিব ওই নারী ইসলামবিদ্বেষী, তিনি মসজিদের আজান সকাল বেলা ফোরকানিয়া ছাত্রদের ডাকার জন্য মাইক ব্যবহার এবং ওয়াজ মাহফিলের মাইক ব্যবহার বন্ধ করে দিয়ে অত্র এলাকার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, যে কারণে অত্র এলাকার সর্বস্তরের আলেম-ওলামা, মসজিদের ইমাম, খতিব মোয়াজ্জিন, বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উনার বিরুদ্ধে চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মাহবুবউল্লা, মাওলানা এমদাদুল হক মীর, মুফতি আব্দুল্লাহ মাইমুম ও হাফেজ রাবিক উদ্দিন উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব শামীম আরা রিনি ঘটনা অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সিটি করপোরেশন থেকে অনৈতিক সুবিধা না পেয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তার স্বামী ও তিনি ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তার পিতাও একজন বড় আলেম ও মাওলানা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর