October 9, 2026, 5:59 pm

গাজীপুরে বৃত্তি পরীক্ষায় ৩ হাজার ৫৭৯ শিক্ষার্থীর অংশগ্রহণ

Reporter Name
  • আপডেট Friday, October 9, 2026
  • 29 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর মহানগরীর পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতি ছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ, গাছা কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়, গাজীপুর চৌরাস্তার চান্দনা উচ্চ বিদ্যালয়, কাশিমপুর উচ্চ বিদ্যালয় এবং পূবাইলের আল হেরা মডেল একাডেমি।
পরীক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান ও শেখ মোতাহার হোসেন। এ সময় দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাজীপুরের সাবেক পরিচালক আব্দুল জলিল আকন্দ, সাবেক পরিচালক অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, বর্তমান পরিচালক ইয়াছিন আরাফাত, সদস্যসচিব হায়দার আলীসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শকরা পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকেরা। তাঁদের মতে, এ ধরনের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গাজীপুরে সংস্থাটির বৃত্তি প্রকল্পের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। প্রতিষ্ঠার পর থেকে বৃত্তি কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচি, সাক্ষরতা অভিযান ও শিক্ষা সহায়িকা বিতরণ। শিক্ষার্থীদের কল্যাণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এসব কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর