স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার উদ্যোগে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আব্দুর রব।
সভায় শহীদ শাকিলের বাবা বেলায়েত হোসেন, শহীদ সামিউন আমান নূরের বাবা আমানুল্লাহ এবং শহীদ ফরিদের বড় ভাইসহ নিহতদের পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ ও অনুভূতি তুলে ধরেন।
বক্তব্যের সময় শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন স্মৃতিচারণে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো অনুষ্ঠানজুড়ে শোক ও শ্রদ্ধার পরিবেশ বিরাজ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খায়রুল হাসান, নায়েবে আমীর হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজহারুল ইসলাম মোল্লাসহ মহানগর কর্মপরিষদের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তাঁদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।