স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা পুষ্পদাম রিসোর্টে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসির সভাপতিত্বে ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসা.আফরোজা আব্বাস। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিশেষ আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইসলাম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মী সমর্থকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোন বিকল্প নেই। অন্যথায় আন্দোলন সংগঠিত করে তত্ত্বাবধায়কের দাবি আদায় করা হবে। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।